আলী হোসেন রুবেল ভোলা।।
ভোলার লালমোহন উপজেলায় রিকশাচালক স্বামীর বসতঘর থেকে আকলিমা বেগম (২০) নামে এক নববধূর গলা ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২১ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ ওই গ্রামের জাকির হোসেনের দ্বিতীয় স্ত্রী। তিনি চরফ্যাশন উপজেলা পৌর ১ নম্বর ওয়ার্ডের সুইপার মাকসুদ রহমানের মেয়ে।
লালমোহন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৬ দিন আগে রিকশাচালক জাকিরের সঙ্গে আকলিমা বেগমের বিয়ে হয়। এটি জাকিরের দ্বিতীয় বিয়ে। তার আগের সংসারে দুই কন্যা সন্তান রয়েছে। কন্যা সন্তান দুইটি রেখে ৫ মাস আগে প্রথম স্ত্রী বাড়ি থেকে পালিয়ে অন্য এক যুবককে বিয়ে করেছেন। তার কন্যা সন্তান দুইটি তাদের ফুফুর কাছে থাকে। ২৬ দিন আগে জাকির দ্বিতীয় বিয়ে করেন।
বিয়ের পর থেকে সংসার জীবনে পারিবারিক কলহ ছিল তাদের।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জাকির রিকশা নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয়। বেলা আড়াইটার দিকে স্থানীয়দের কাছ থেকে ফোনে খবর পায় তার স্ত্রী ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
খবর পেয়ে লালমোহন থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানিয়েছেন, নিহত গৃহবধূর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে।
এ ঘটনায় লালমোহন থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন পুলিশের এ কর্মকর্তা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮