মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের টঙ্গী এলাকায় প্রতিপক্ষকে গুলি করতে ছেলেকে ডেকে আনেন মা। কয়েকশ’ লোকের সামনে পিস্তল উঁচিয়ে গুলি করতে গেলে চারপাশ থেকে ঘিরে ফেলেন উপস্থিত জনতা। অবশেষে গণপিটুনি দিয়ে অস্ত্রসহ পুলিশে সোপর্দ করা হয় ওই যুবককে। গ্রেফতারকৃত যুবক সোহরাব হোসেনের পুত্র সুমন সরকার (২২)। মাতার নাম সুমি আক্তার। তারা স্থানীয় সাতাইশ ইউসুফ মাস্টারের বাড়ির ভাড়াটিয়া। তাদের বাড়ি শেরপুর জেলার শ্রীবরদী থানার কুড়িকাহনিয়া গ্রামে। আটক সুমনের বাবা সাতাইশ চৌরাস্তা বাজারে মাছের ব্যবসা করেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে রাজনগর খালে গোসল করাকে কেন্দ্র করে সুমনের ছোট ভাই শুভর সঙ্গে এলাকার কয়েকজন কিশোরের মারামারি হয়। শুভ ঘটনাটি মোবাইল ফোনে তার মা সুমি আক্তারকে অবহিত করে। সুমি ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রতিপক্ষের কিশোরদের গালাগাল করেন এবং প্রতিশোধ নিতে মোবাইল ফোনে তার বড় ছেলে সুমনকে ঘটনাস্থলে ডাকেন।
সুমন ঘটনাস্থলে পৌঁছেই কয়েকশ লোকের উপস্থিতিতে বলে ওঠেন, ‘আমি যুবলীগ নেতা টুটুল মাহমুদ ভাইয়ের লোক’। এই বলেই গামছায় পেঁচানো পিস্তল খুলে গুলি করতে উদ্যত হন। এ সময় উপস্থিত জনতা চারদিক থেকে সুমনকে ঘিরে ফেলে এবং গণপিটুনি দিয়ে অস্ত্রসহ পুলিশে সোপর্দ করে।
এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম নিশ্চিত করে বলেন, দুই রাউন্ড গুলি ভর্তি মেড ইন ইউএস লেখা অত্যাধুনিক একটি পিস্তলসহ সুমনকে আটক করা হয়েছে। জনতার পিটুনিতে আহত সুমনকে স্থানীয় একটি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮