
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের স্কুলের খাল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে।
তাঁর নাম মোস্তাক মিয়া (২২)। তিনি উপজেলার শ্রীধরপাশা গ্রামের সামছুল আলমের ছেলে। তার মামার বাড়ি আধুয়া গ্রামে।
তারা সিলেট নগরের আম্বরখানা এলাকায় ভাড়াটে বাসায় বসবাস করে। তবে হতভাগ্য যুবকের পরিচয় পাওয়া গেলেও এখনো মৃত্যু রহস্য উদঘাটন হয়নি।
১৯ জুলাই মঙ্গলবার দুপুরে আধুয়া গ্রামের স্কুলের খালের পানিতে ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেন।
পরদিন ২০ জুলাই বুধবার ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর থানার এসআই শফিকুল ইসলাম জানান, প্রথমে লাশের পরিচয় পাওয়া না গেলেও পরে তার মা, বাবা সহ স্বজনরা লাশ সনাক্ত করেছেন। তার মৃত রহস্য উদঘাটনে পুলিশের তৎপরতা অব্যাহত আছে।

















