কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ।।
গাজীপুরে সরকারি গাড়িতে ফেনসিডিল বহনের অভিযোগে সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোসা. ফেরদৌসী বেগমকে বরখাস্ত করা হয়েছে। সেইসাথে তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে সাত দিনের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কারণ দর্শনোর জন্য বলা হয়েছে। সোমবার সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী স্বাক্ষরিত এক পত্রে তাকে বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ্য, সোমবার একটি বেসরকারি টেলিভিশনের (যমুনা টেলিভিশন) সংবাদে দেখা যায়, নির্বাহী প্রকৌশলী সড়ক বিভাগ, গাজীপুরের নামে রেজিস্ট্রেশন করা গাড়িতে (ঢাকামেট্টো-ঘ-১১-২৮৪৫)১৩১ বোতল ফেনসিডিল বহনকালে ১৯ আগস্ট কুমিল্লা জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃক আটক হয়। আটক ব্যক্তির গাড়িটি মোসা. ফেরদৌসী বেগম, উপবিভাগীয় প্রকৌশলী, গাজীপুর সড়ক উপবিভাগ সরকারি বাহন হিসেবে ব্যবহার করেন। অনুমতি ব্যতীত জেলার বাইরে গাড়ি চালানোর বিষয়টি এ পর্যন্ত কর্তৃপক্ষকে জানানো হয়নি। নির্বাহী প্রকৌশলী গাজীপুরের নিকট টেলিফোনে বিষয়টি জানতে চাইলে তিনি এর সত্যতা স্বীকার করেন।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ১২ (১)-এর বিধি মোতাবেক মোসা. ফেরদৌসী বেগম (৩৫০০১৫) উপবিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব), সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক উপ-বিভাগ, গাজীপুরকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হল। সাময়িক বরখাস্তকালীন সময়ে প্রচলিত বিধি মোতাবেক তিনি খোরাকি ভাতা প্রাপ্য হবেন বলে চিঠিতে বলা হয়েছে।
এ ছাড়া একই দিন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের উপসচিব মোহাম্মদ শের মাহমুদ মুরাদ স্বাক্ষরিত একটি পত্রে বলা হয়েছে, কর্মস্থলের বাইরে কুমিল্লা জেলায় মাদক বহনকালে নিয়ন্ত্রণাধীন সরকারি গাড়ি ও তার চালক আটক হওয়ায় সংশ্লিষ্ট অফিসের প্রধান হিসেবে নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালনে তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এমতাবস্থায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী কর্তব্য পালনে অবহেলা প্রদর্শনের কারণে ২ (খ) অনুযায়ী অসদাচরণের অভিযোগে কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না— এ জন্য আগামী সাত দিনের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
অপরদিকে গাড়িচালক সরকারি কর্মচারি নন এবং শ্রমিক মজুরি কোডে নিয়োজিত আছেন। এমতাবস্থায় শ্রমিক মজুরি কোডে নিয়োজিত মো. খোকন আহমেদকে অপসারণ ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮