কক্সবাজার জেলা প্রতিনিধি।।
নদীর প্রাণ আছে, তাকে বাঁচতে দাও- শিরোনামে ১০০ নদীর আলোকচিত্র প্রদর্শনী কক্সবাজারে শুরু হয়েছে। সীমান্ত উপজেলা টেকনাফের দমদমিয়া নৌবন্দরে আয়োজিত এই প্রদর্শনীর উদ্যোক্তা ফটো সাংবাদিক কাকলী প্রধান।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক শুক্রবার তিন দিনব্যাপি প্রদর্শনীটির উদ্বোধন করেন। এসময় তিনি বলেন- 'নদীর প্রবাহ বন্ধ হলে জীবন-জীবিকা, পরিবেশ-প্রতিবেশ হুমকির সম্মুখীন ও অর্থনীতির চাকা রূদ্ধ হয়ে যায়'।
নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিতে অবৈধ দখলদারের বিরুদ্ধে বিআইডব্লিউটিএ আরো কঠোর পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।
প্রকাশনা প্রতিষ্ঠান ইকরিমিকরি'র উদ্যোগে ও বিআইডব্লিটিএ'র সহযোগিতায় উন্মুক্ত এই প্রদর্শনীর আয়োজন করা হয়। টেকনাফ ছাড়াও ঢাকা, বরিশাল ও খুলনায় আরো তিনটি প্রদর্শনী চলবে বলে জানায় আয়োজকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে খ্যাতিমান ফটো সাংবাদিক কাকলী প্রধান বলেন- 'সাধারণ মানুষেরা নদী রক্ষায় সচেতন হলে অবৈধ দখলদাররা পিছু হটতে বাধ্য হবে'।
দেশের বিপন্ন ও মৃতপ্রায় নদীগুলোকে বাঁচিয়ে তুলতেই এই উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮