
তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
সুদীর্ঘ তিনদশক পরে কক্সবাজার পৌর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তবে হয়নি কাউন্সিল। সভাপতি-সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের মধ্যে সমঝোতা না হওয়ায় কমিটি কেন্দ্র থেকেই ঘোষণা করা হবে। এমনটিই ঘোষণা দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।
বৃহস্পতিবার (৯ মার্চ) কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহিদ দৌলত ময়দানে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। সম্মানিত অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান বিশেষ অতিথির বক্তৃতা করেন। সম্মেলন উদ্বোধন করেন কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর।
কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জল কর সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তৃতায় অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা বলেন- ‘বিএনপি এখন একটি মরা গাছ। যেখানে কোনো ছায়া নেই। এরা এখন নিজেরাই অস্তিত্ব সংকটে ভুগছে’।
ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বলেন- ‘দেশের জনগণ বিএনপির কাছ থেকে খুন, গুম, লুটপাট ও দুর্নীতি ছাড়া কিছুই পায়নি। দেশবাসী এদের চায়না। তাদের কোনো ভবিষ্যৎ নেই’।
তিনি বিএনপির নেতাকর্মীদের নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগিরকে আওয়ামী লীগে যোগদানেরও আহবান জানান।
সম্মেলন শেষে বিকেলে পাবলিক লাইব্রেরির শহিদ সুভাষ হলে কাউন্সিল অধিবেশন হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত হয়নি। ৬ জন সভাপতি প্রার্থী ও ১৮ জন সাধারণ সম্পাদক প্রার্থীকে শেষ পর্যন্ত কোনো সমঝোতায় আনা যায়নি। ফলে ঢাকায় কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

















