
কক্সবাজার শহরের নুনিয়াছড়ার ৬নং ঘাটে মাছ ধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ জেলে দগ্ধ হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ৯ জেলেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কক্সবাজারের ৬ নম্বর জেটি ঘাটে কক্সবাজার পৌরসভার পশ্চিম নতুন বাহারছড়ার সেলিম বহদ্দারের ট্রলারে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আহতরা হলেন- আইয়ুব (৩১), দিল মোহাম্মদ (৩০), রফিক (২৫), মনির(২৬), শফিকুল (২৬), আরমান (২০), রহিম (৩৭), রহিমুল্লাহ (৩০), শাহিদ (৩৫) ও উসমান (১৯)। আহতদের সকলেই কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়া পাড়া ও সমিতিপাড়ার বাসিন্দা।
জানা যায়, বৃহস্পতিবার শেষরাতে মাছ শিকারের পর ৬ নাম্বার ঘাটে নোঙর করে ফিশিং ট্রলারটি। সকাল ৮টার দিকে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ট্রালারে আগুন ধরে যায়। এতে ট্রলারে থাকা মাঝিমাল্লারা অগ্নিদগ্ধ হন। পরে স্থানীয় সাধারণ মানুষ আহত মাঝিমাল্লাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে ৭০ শতাংশ দগ্ধ হওয়া ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ঘটনার পর সকাল ১১টায় আহতদের ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে আসা হয়। পরে ৩৬ নং ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের শরীরের ৭০ থেকে ৯০ শতাংশ পুড়ে গেছে।

















