
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয় গুলোতে আনন্দঘন পরিবেশে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২ জুন বৃহস্পতিবার উপজেলার ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে ঘিরে প্রতিটি বিদ্যালয়ে আলাদা আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করে শিক্ষার্থীদের মাঝে। অন্য সকল নির্বাচনের মতোই এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রতিটি ক্লাসে কোমলমতি শিশু শিক্ষার্থী প্রতিনিধি প্রার্থীরা অংশ গ্রহণ করেন। এসব প্রার্থীদের উৎসাহ দিয়ে সহযোগিতা করছেন অভিভাবকরা। নির্বাচনে দিন ব্যাপী লাইনে দাঁড়িয়ে অন্য ভোটার শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করেন। দিন শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন দায়িত্বে থাকা শিক্ষকরা। এতে নির্বাচিত প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে উঠেন। এ যেন নিস্পাপ শিশু পাখিদের কিছিরমিছির। যাদের শব্দে মুখরিত হয়ে উঠেছে শিক্ষাঙ্গন। যা আলাদা অনুভূতি। এতে মুগ্ধ হন অভিভাবকরা। মূলত এ নির্বাচনের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়মুখি করা হয়। যাতে তারা নিয়মিত স্কুলে আসে এবং লেখাপড়ায় মনোযোগ দেয়। সেই সাথে অভিভাবকরাও যেন তাদের সন্তানকে নিয়মিত স্কুলে যেতে উৎসাহিত করেন।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস জানান, এক সাথে উপজেলার ১৫৮টি বিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে আলাদা আমেজ বিরাজ করছে।

















