
তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
সৈকত নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হলো তিনদিনের ‘লেটস সিনেমা’ উৎসব। ৩২টি দেশের অংশগ্রহণে উৎসবটির আয়োজন করে চলচ্চিত্র সংসদ সিনেমা বাংলাদেশ। এটি ছিলো গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশের ষষ্ঠ প্রদর্শনী। কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণি পয়েন্টে গেল ৩ মার্চ থেকে শুরু হয়ে গতকাল রোববার (৫ মার্চ) সমাপ্তি ঘটে বর্ণিল এই উৎসবের।
উৎসবের সমাপনি অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন প্রধান অতিথি ও বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূত এইচ ই শিলা পিল্লাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কক্সবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সমাপনি অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
আয়োজকরা জানায়, উৎসবে প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ‘আমন্ত্রিত চলচ্চিত্র’ বিভাগে দেশের সাম্প্রতিককালের আলোচিত ছবি- দামাল, মশারি, ট্রানজিট, রেহনা মরিয়ম নূর ও মায়ার জঞ্জাল প্রদর্শিত হয়। এসময় ওই চলচ্চিত্রসমুহের নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
এছাড়া কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ- কউক মিলনায়তনে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা। ওই কর্মশালায় দেশবিদেশের খ্যাতনামা চলচ্চিত্র ব্যক্তিত্বরা প্রশিক্ষণ দেন।
ইতোপূর্বে বান্দরবান, ময়মনসিংহ, লক্ষীপুর,
রংপুর এবং নাটোরেও এজাতীয় উৎসবের আয়োজন করা হয় বলে আয়োজকরা জানিয়েছেন।

















