
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের ঈদগাঁও বাজারে ঝুঁকিপূর্ণ দেয়াল ধসে পড়ে নুরুল হুদা পুতু (৪৪) নামের এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত নুরুল হুদা ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ওয়াহেদরপাড়ার মৃত আসাদ আলির পুত্র।
শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে। এঘটনায় আরো একজন পথচারী আহত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক।
জানা গেছে, নির্মাণাধীন একটি ভবনের সীমানা প্রাচীরের ঝুঁকিপূর্ণ দেয়ালের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন নুরুল হুদা ও অপর এক ব্যক্তি। এসময় হঠাৎ দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলে প্রাণ হারান নুরুল হুদা।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মৃতদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

















