
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি।।
গাজীপুর সিটি নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন বলেছেন, ‘আমি মেয়ে মানুষ। আজমত উল্লা খান কেন আমাকে এত ভয় পাচ্ছেন? কেন এত অত্যাচার করছেন?
গতকাল শনিবার রাত ১১টার দিকে নগরীর ছয়দানার বাড়িতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জয়েদা খাতুন বলেন, যত হামলা, যত অত্যাচার করুক, আমি নির্বাচনের মাঠ ছাড়ব না। সরকার ও নির্বাচন কমিশনের কাছে ভোটের নিরাপত্তা দাবি করে টেবিল ঘড়ি প্রতীকের এ প্রার্থী অভিযোগ করেন, চার দিন ধরে আমাদের ওপর হামলা হচ্ছে। টঙ্গী গেলেই ইটপাটকেল মেরে আমার কর্মীদের রক্তাক্ত করছে।
এ সময় জাহাঙ্গীর আলম বলেন, আমি সরকার ও নৌকার বিরুদ্ধে নই। আমি মুখোশধারদের বিরুদ্ধে। তিনি দাবি করেন, টেবিল ঘড়ির কর্মীদের বাড়ি গিয়ে হুমকি ও প্রশাসনের লোক পরিচয়ে হয়রানি করা হচ্ছে। জাহাঙ্গীর বলেন, প্রথম হামলার ঘটনায় মামলা করেছি। পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। শনিবারের হামলায় আমাদের ১০ জন আহত হয়েছেন। আমি আবারও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

















