দৈনিক আজকের বাংলা ডেস্ক।।
বাংলাদেশে তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি মুরাদ হাসান দেশত্যাগের উদ্দেশ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বলে তার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে। তিনি ক্যানাডা যাচ্ছেন বলে জানা গিয়েছে।
বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, মুরাদ হাসান রাত সাড়ে ন’টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এসেছেন।
ঢাকা থেকে দুবাই হয়ে তিনি ক্যানাডার ফ্লাইট ধরছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
আওয়ামী লীগের এমপি মুরাদ হাসান হাসানের বিদেশ যাওয়া নিয়ে গুঞ্জনের ব্যাপারে আজ ঢাকায় সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মুরাদ হাসান বিদেশ যাবেন নাকি দেশে থাকবেন, সেটা তার ব্যাপার।
একইসাথে মি: খান বলেছেন, মি: হাসানের বিদেশ যাওয়ার ব্যাপারে কিছু নেই।
বিএনপি নেতা তারেক রহমানের কন্যাকে নিয়ে নারী-বিদ্বেষী ও বর্ণবাদী মন্তব্য করা এবং ফাঁস হওয়া একটি টেলিফোন আলাপে একজন চিত্রনায়িকার সাথে অশালীন মন্তব্য করার অভিযোগ ওঠার পর মুরাদ হাসানকে প্রতিমন্ত্রীর পদ ছাড়তে হয়েছে।
সূত্র: বিবিসি

















