
আলী হোসেন রুবেল ভোলা।।
ভোলায় হঠাৎ করে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে একটি মাদ্রাসার ছাত্রাবাসসহ ৪টি বসতঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় বিধ্বস্ত হওয়া মাদ্রাসার ৩ ছাত্র আহত হয়েছে।
শনিবার (২৮ মে) দুপুর আড়াইটার দিকে জেলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়ন ও জেলার উপশহর বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, ভোলার উপশহর বাংলাবাজার এলাকায় জামেয়া গাফরিয়া আসরাফুল উলুম মাদ্রাসা ছাত্রাবাসটি ঝড়ে বিধ্বস্ত হয়েছে। এবং একই এলাকায় ঝড়ে গাছ পড়ে ৪টি বসতঘর দুমড়েমুচড়ে গেছে।
ঝড়ে ভোলা-চরফ্যাশন ও ভোলা-দৌলতখান মহাসড়কে ভেঙে পড়েছে একাধিক গাছপালা। যাঁর ফলে সন্ধ্যা ৭ টা পর্যন্ত দৌলতখান উপজেলার মিয়ার হাট ও বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল।
বিধ্বস্ত হওয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা রিয়াজ আলম জানান, দুপুর আড়াইটার দিকে মাদ্রাসা চলাকালীন সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। এসময় ঝড়ে মাদ্রাসার ছাত্রাবাসটি ভেঙে বিধ্বস্ত হয়। আতঙ্কে হুড়োহুড়ি করে ছাত্ররা এদিক-সেদিক ছোটাছুটি করছিলেন। এসময় ৩ ছাত্র আহত হয়। তাদেরকে স্থানীয় পর্যায়ে চিকিৎসা দেয়া হয়েছে।
দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর গ্রামে ও বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের সেতারা গ্রামে ঝড়ে ২টি বসতঘর দুমড়েমুচড়ে গিয়েছে।
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম জানান, কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারদের তালিকা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসন থেকে সাহায্য করা হবে।

















