
আলী হোসেন রুবেল ভোলা।।
ভোলায় নিজ বাড়ির আঙিনায় দইটি গাঁজা গাছ লাগানোর অপরাধে সেই গাঁজা গাছসহ মানিক বেপারি নামে (৫৫) এক বৃদ্ধ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২০ জুন) ভোররাতে সদর উপজেলা বাপ্তা ইউনিয়নের পশ্চিম চরনোয়াবাদ গ্রাম থেকে মানিককে গ্রেফতার করে সদর পুলিশ তদন্ত কেন্দ্রের এক টিম।
বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন।
গ্রেফতার মানিক ওই ওয়ার্ডের মৃত আব্দুল লতিফ বেপারির ছেলে।
ওসি মো. এনায়েত হোসেন গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর পুলিশ তদন্ত কেন্দ্র খবর পেয়ে সদর উপজেলা বাপ্তা ইউনিয়নের পশ্চিম চরনোয়াবাদ গ্রামে মানিক বেপারি তার বাড়ির আঙ্গিনায় কিছু গাঁজা গাছ রোপণ করেছেন। সেই সংবাদের ভিত্তিতে সদর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম সোমবার ভোররাতে তার বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ির আঙ্গিনা থেকে দুইটি গাঁজা গাছসহ তাকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক জানায় যে, গাঁজা বিক্রির উদ্দেশ্য থেকেই সে বাড়ির আঙ্গিনায় দুইটি গাঁজা গাছ রোপণ করেছে।

















