
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুর মহানগরে লক্ষীপুর এলাকা থেকে মাদকসহ স্বামী-স্ত্রী এবং তাদের মেয়ে ও জামাতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মো.হাসেম (৫৬),স্ত্রী মধু ( ৪৫), মেয়ে আশা আক্তার (৩০),জামাতা কফিল উদ্দিন (৩০)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানাযায়, গাজীপুর মহানগর সদর থানার লক্ষীপুর এলাকায় রোববার রাতে এক অভিযান চালিয়ে স্বামী -স্ত্রী সহ একই পরিবারের ৪ জনকে গ্রেফতার ও তাদের নিকট থেকে পিস্তলের গুলি, হেরোইন ও মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত মধুর বিরুদ্ধে চারটি, হাশেমের বিরুদ্ধে দুটি এবং তাদের ছেলে সজীবের বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মাদক মামলা রয়েছে।
এব্যাপারে পুলিশ কর্মকর্তা জাকির হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মহানগরীর সদর থানার লক্ষ্মীপুরা এলাকার নিজ বাসা থেকে আশাকে দুই গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আশার মা মধু (৪৫), বাবা হাসেম (৫৬) এবং স্বামী কফিল উদ্দিনকে (৩০) ২০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হাশেমের ছেলে সজীব কৌশলে পালিয়ে যান। পরে সজীবের কাঠের ড্রয়ার থেকে পিস্তলের পাঁচ রাউন্ড গুলি ও মাদক বিক্রির নগদ ৭৬ হাজার ২০০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে। সোমবার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

















