
রূপগঞ্জের পূর্বাচলে ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে নারী ও শিশুসহ ছয়জন আহত হয়েছেন।
আহতরা হলেন,জুলেখা খাতুন (৪৭), সাজেদা বেগম (৫০), তানহা হাসান (২০), রাব্বি (১২), রাইসা (৫) ও আমেনা (৭)।
বুধবার (৩০ নভেম্বর) সকালে রূপগঞ্জ থানার পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে ।
আহতদের উদ্ধারকারী পথচারী আরিফ বলেন, পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। অটোরিক্সাটি ছয়জন যাত্রী নিয়ে উল্টে যায়। এতে সকল যাত্রী আহত হয়। কয়েকজনের সহযোগিতায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, পূর্বাচলের ৩০০ ফিট এলাকা থেকে দুর্ঘটনায় আহত ছয়জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে । এ বিষয়ে সংশ্লিষ্ট থানা অবগত করা হয়েছে ।

















