
তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের তিনজন মাদক কারবারি ফেনীতে গ্রেফতার হয়েছেন। তাদের নিকট থেকে ৩৪ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। ফেনীর ফতেহপুর এলাকা থেকে এদের গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-৭ এর একটি দল।
গ্রেফতার মাদক কারবারিরা হলেন- কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের মধ্যম কুতুবদিয়াপাড়ার গোলাম কুদ্দুসের পুত্র মুহাম্মদ মনিরউদ্দিন (২২) ও জহির আহমদের পুত্র জাহিদুল ইসলাম (১৯) এবং টেকনাফ উপজেলার নয়াবাজার এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র মুহাম্মদ ইউসুফ (২২)। এদের সাথে রাঙ্গামাটির কাউখালি উপজেলার বেতবুনিয়া এলাকার চেহেরি বাজার গ্রামের আহমদুর রহমানের পুত্র মুহাম্মদ বাহাদুর হোসেন (৪২) নামের এক ব্যক্তিও গ্রেফতার হয়েছে।
র্যাব জানায়, গ্রেফতার এসব মাদক কারবারি ফেনীর সীমান্ত এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে তা চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট বিক্রি ও সরবরাহ করে আসছিলো। তাদের সাথে থাকা দুটি স্কুলব্যাগ ও একটি ট্রলি ব্যাগ তল্লাশি করে ৩৪ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত গাঁজার মূল্য ৫ লক্ষ টাকা হবে বলে জানিয়েছে র্যাব।

















