
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
ঢাকায় বসবাসরত কক্সবাজার জেলার চকরিয়া-পেকুয়া উপজেলার মানুষদের জন্যে ভিন্নরকম একটা উৎসবের দিন ছিলো শুক্রবার। দীর্ঘদিন পর রাজধানীতে বসবাসকারী এই দুই উপজেলার মানুষের মিলনমেলা বসেছিলো ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের এজিবি কলোনি মাঠ সংলগ্ন কমিউনিটি সেন্টারে। এখানে জড়ো হন সমিতির সাড়ে চারশো সদস্য ও তাদের পরিবারের লোকজন। সকাল এগারোটায় চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম এজিবি কলোনি মাঠে বেলুন উড়িয়ে মিলনমেলা ও মেজবান উৎসব-২০২৩ এর উদ্বোধন করেন।
আয়োজনে প্রধান অতিথি জাফর আলম এমপি চকরিয়া-পেকুয়া সমিতি, ঢাকার সার্বিক উন্নয়নে ২০ লক্ষ টাকা অনুদান দেয়ার ঘোষনা দেন এবং ঢাকায় সমিতির অফিসগৃহ নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি শাহনেওয়াজ চৌধুরী স্বপন বলেন, চকরিয়া-পেকুয়ার রাজনীতিবিদসহ সকল শ্রেণি-পেশার মানুষকে এক থলেতে ভরতে হবে। তবেই এই দুই উপজেলার উন্নয়ন হবে, নচেৎ নয়। এসময় তিনি ঢাকায় সমিতির কার্যালয় স্থাপনে অর্থসহ সবধরণের সহায়তার পাশাপাশি সমিতির অফিস গৃহ না হওয়া পর্যন্ত তার নিজের কার্যালয়কে ব্যবহার করার অনুমতি দেন।
অনুষ্ঠানে সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত মেজর জেনারেল ( অব:) রুহুল আলম চৌধুরীকে দেয়া মরনোত্তর সম্মাননা গ্রহন করেন মরহুমের স্ত্রী। এছাড়াও চকরিয়া- পেকুয়ার বিভিন্ন গুনীজনকে সম্মাননা দেয়া হয়। মিলনমেলা উপলক্ষে সমিতির প্রকাশনা ‘মাতামুহুরী’র মোড়ক উন্মোচন করা হয়।
সমিতির আহবায়ক এডভোকেট মোহাম্মদ ফখরুদ্দীন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের আলোচনা সভায় জেলা আওয়ামীলীগ নেতা রেজাউল করিম, জিয়া উদ্দীন জিয়া, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তানিয়া আফরিন, চকরিয়া পৌর আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সমিতির সদস্য সচিব বেলাল উদ্দীন, ব্যাংকার শওকত ওসমান চৌধুরীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এডভোকেট ফয়সাল সিদ্দিকী।
পরে ২ হাজারের অধিক মানুষের অংশগ্রহণে মেজবান উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

















