
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী আজমত উল্লা খাঁনকে ১৬ হাজার ১৯৭ ভোটে পরাজিত করে প্রথম ও দেশের দ্বিতীয় নারী মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জায়েদা আক্তার । টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন দুই লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের অ্যাডভোকেট আজমত উল্লা খান পেয়েছেন দুই লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। বৃহস্পতিবার (২৫ মে) দিবাগত রাত দেড়টায় রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলামে এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী গাজী আতাউর রহমান পেয়েছেন ৪৫ হাজার ৩৫২ ভোট। চূড়ান্ত ফলাফলে তিনি তৃতীয় হয়েছেন। এছাড়া অন্য মেয়র প্রার্থীদের মধ্যে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন ১৬ হাজার ৩৬২ ভোট পেয়েছেন। গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. রাজু আহাম্মেদ ৭ হাজার ২০৬ ভোট, মাছ প্রতীকে গণফ্রন্টের প্রার্থী আতিকুল ইসলাম ১৬ হাজার ৯৭৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের মো. হারুন-অর-রশীদ ২ হাজার ৪২৬ ভোট এবং হাতি প্রতীকের সরকার শাহনূর ইসলাম পেয়েছেন ২৩ হাজার ২৬৫ ভোট।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলে। নির্বাচনের দিন ভোট গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত বিরতিহীন ভাবে সকল কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষন করেছেন প্রধান কার্যালয় (আগারগাঁও) কন্ট্রোল রুম থেকে নির্বাচন কমিশন ( ইসি)।
কিছু কিছু কেন্দ্রে ইভিএমে ধীরগতি ও জটিলতা ছিল বলে অভিযোগ করেছেন ভোটাররা। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার ভোট শেষ হওয়ার দীর্ঘ সময় প্রতিক্ষার পর দিবাগত রাত দেড়টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলে টেবিল ঘড়ি প্রতীকের কর্মীরা উল্লাসে ফেটে পড়েন।
এসময় জায়েদা খাতুনের প্রধান নির্বাচনী এজেন্ট তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এক প্রতিক্রিয়ায় বলেন, এ বিজয় জনগণের, এ বিজয় গাজীপুরবাসীর। এই বিজয়ের জন্য নগরবাসীকে আমার মায়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
তিনি বলেন, একটি পরিকল্পিত ও সুন্দর আধুনিক নগর গড়তে সবার সহযোগিতা একান্ত প্রয়োজন। প্রধানমন্ত্রীর পরামর্শে সবাইকে সঙ্গে নিয়েই একটি সুন্দর নগর গড়ে তুলবো। সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি নির্বাচন কমিশন এবং প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
উল্লেখ্য,দেশের প্রথম নারী সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী। ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন তিনি। ওই নির্বাচনে আইভীর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির তৈমুর আলম খন্দকার। আইভীর পর দ্বিতীয় নারী হিসেবে সিটি করপোরেশনের মেয়র হচ্ছেন জায়েদা আক্তার। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আজমত উল্লা খাঁন।

















