
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকা থেকে আন্তঃজেলার অজ্ঞান ও মলম পার্টির এক নারী সহ ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর থানায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জামালপুর জেলার ইসলামপুর থানার চিনারচর গ্রামের মৃত জবেদ আলীর পুত্র শহর আলী ( ৪৩ ), নোয়াখালী জেলার সেনবাগ থানার জামালপুর গ্রামের মৃত ছায়েদ আলীর পুত্র নুরুল ইসলাম (৪৫), জামালপুর জেলার সরিষাবাড়ি থানার মো. সোনা মিয়র পুত্র মুকুল মিয়া( ৪২), নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বাইসটেলী গ্রামের মৃত সুরুজ মিয়ার কণ্যা মানসুরা আক্তার জিমি (৩০)। তারা উপজেলার বিভিন্ন এলাকায় ভাড়া থেকে অপকর্ম করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় বিভিন্ন সময়ে গাড়ির ভিতরে ও নিরীহ মানুষকে অচেতন করে মলম পার্টি ও অজ্ঞান পার্টি লোকজন টাকা পয়সা ছিনিয়ে নেয়। উপজেলার চন্দ্রা এলাকায় ফ্লাইওভারের নিচে অজ্ঞান পার্টির ৪ সদস্য মিলে বিভিন্ন ঔষধ, হালুয়া, ইঞ্জেকশনসহ বিভিন্ন সরঞ্জাম প্রক্রিয়া করছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে তাদেরকে আটক করে। তাদের কাছে থেকে মোবাইল সহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
এ ঘটনায় কালিয়াকৈর থানায় বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিনিয়র সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল আজমির হোসেন প্রেস ব্রিফিং করেন। এ সময় কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খাঁন উপস্থিত ছিলেন।

















