
পাবনা প্রতিনিধি ।।
গভীর রাতে পাবনার ভাঙ্গুড়ায় বান্ধীর বাড়ি বেড়াতে এসে আকরাম উদ্দীন (৪৮) নামের এক বক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (০২ জুন) দিবাগত রাতে উপজেলার পৌরসদরের ভাঙ্গুড়া বাজারের সাবেক ভিপি মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী পান্না আক্তারের বাসায় এ ঘটনা ঘটে।
নিহত আকরাম উদ্দীন নোয়াখালি জেলার সূর্যমুখী উপজেলার বুড়িরচর গ্রামের বাসিন্দা ও দুই সন্তানের জনক। শনিবার (০৩ জুন) সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন এবং থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গুড়া বাজারের বাসিন্দা ভিপি আব্দুর রাজ্জাক তিন সন্তান রেখে প্রায় দেড় যুগ আগে মৃত্যৃবরণ করেন। তখন থেকেই তার স্ত্রী পান্না আক্তার তিন ছেলে মেয়ে নিয়ে স্বামীর বাড়ি ভাঙ্গুড়া বাজারেই বসবাস করে আসছিলেন।
কিন্তু পান্না আক্তারের পিতার বাড়ি নিহত আকরাম উদ্দীনের এলাকায় হওয়ার সুবাদে বাল্যকাল থেকেই তার সাথে বন্ধুর সম্পর্ক গড়ে উঠেছিল। এর আগেও দুএকবার আকরাম উদ্দীন নোয়াখালি এলাকা থেকে তার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
ঘটনার দিন পান্না আক্তারের বাড়িতে তার ছেলে মেয়ে কেউ ছিল না। গভীর রাতে আকরাম উদ্দীন পান্না আক্তারের বাড়িতে বেড়াতে আসে। ভোর রাতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সে সময় পান্না আক্তার নিজেই তার বন্ধু আকরাম উদ্দীনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকরাম উদ্দীনকে মৃত ঘোষণা করেন।
ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। তবে কি কারণে তিনি মৃত্যুবরণ করেছেন তার সঠিক কারণ জানা যায়নি। পরে খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আকরাম উদ্দীনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন । পরে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আকরামের বান্ধবী পান্না আক্তারকে থানায় নেওয়া হয়েছে।
ঘটনার বিষয়ে নিহতের বন্ধু পান্না আক্তার বলেন, ‘ নিহত আকরাম উদ্দীন তার পূর্ব পরিচিত এবং বাল্য বন্ধু। এর আগেও সে তার বাসায় দু একবার বেড়াতে এসেছেন। কিন্তু হটাৎ এমন ঘটনা ঘটবে তিনি ভাবতেও পারেননি।’
এ ব্যাপাবে ভাঙ্গুড়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

















